
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন ফুটবলার টমাস ডুলি। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২২ মে) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ফেসবুক পেজে তার নিয়োগের ঘোষণা দেয়।
দায়িত্ব নেওয়ার পরই আজ সকালে ঢাকায় পৌঁছান ৬৫ বছর বয়সী এই কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ মে) থেকে জাতীয় দলের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তিনি।
বাফুফে জানিয়েছে, দল গঠন ও উন্নয়নে ডুলির রয়েছে বিশেষ দক্ষতা। এশিয়ান ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং সমর্থকদের আবেগ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দলকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়াই হবে তার মূল লক্ষ্য।
এর মাধ্যমে সাবেক কোচ হাভিয়ের কাবরেরা-র উত্তরসূরি হলেন ডুলি। কাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচ নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে চূড়ান্ত হলো নতুন কোচের নিয়োগ।
আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনো-র বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ।
খেলোয়াড়ি জীবনেও সমৃদ্ধ ক্যারিয়ার ছিল টমাস ডুলির। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৪ ও ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে দলটির অধিনায়কত্বও করেন। জাতীয় দলের জার্সিতে ৮১ ম্যাচে করেন ৭ গোল।
ক্লাব ফুটবলে তিনি খেলেছেন জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার লেভারকুজেন ও শালকে-তে। শালকের হয়ে ১৯৯৭ সালে উয়েফা কাপ জেতেন তিনি। এছাড়া ১৯৯০-৯১ মৌসুমে এফসি কাইজারস্লাউটার্ন-এর হয়ে জিতেছিলেন বুন্দেসলিগা শিরোপা।
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ২০০২ সালে কোচিংয়ে যাত্রা শুরু করেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান-এর সহকারী হিসেবে কাজ করেন তিনি।
এরপর ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ডুলি। তার অধীনে ফিলিপাইন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং অর্জন করে।
সবশেষে ২০২৫ সাল পর্যন্ত গায়ানা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন হবে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচ। সেই ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক অধ্যায়।









