
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা-য় আটকা পড়েছেন তিন হাজার পাঁচশোর বেশি বাংলাদেশি ওমরাহ যাত্রী। হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছেন না।
জানা গেছে, অনেক যাত্রীর টিকিট বাতিল হয়ে গেছে। ফলে দেশে ফেরার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তারা। অন্যদিকে ওমরাহ প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক ট্রাভেল এজেন্সি তাদের থাকা-খাওয়ার খরচও বহন করছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এসব যাত্রীরা।
মক্কায় বাংলাদেশ হজ মিশনের প্রধান কনসাল কামরুল ইসলাম জানান, অনেক যাত্রীর টিকিট বাতিল হয়ে গেছে। ট্রাভেল এজেন্সিগুলো নতুন করে টিকিট কাটতে বলছে এবং এজন্য অতিরিক্ত ৫০ থেকে ৬০ হাজার টাকা দাবি করছে।
তিনি আরও বলেন, হোটেল বিল পরিশোধ করতে না পারা, খাবারের খরচ জোগাড় করতে না পারাসহ নানা সমস্যায় পড়ছেন আটকে পড়া যাত্রীরা। প্রতিদিনই তারা মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে এসে সহায়তা চাইছেন।
সূত্র জানায়, সাধারণত কোনো ফ্লাইট বা টিকিট বাতিল হলে এয়ারলাইন্স যাত্রীদের টাকা ফেরত দেয়। তবে সেই প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় আপাতত অনেক যাত্রী নতুন করে টিকিট কিনে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।
এদিকে যেসব এয়ারলাইন্স এখনো ফ্লাইট পরিচালনা করছে, সেসব ফ্লাইটে নতুন টিকিটের ব্যবস্থা করে ফেরার চেষ্টা করছেন অনেকে।
মক্কায় বাংলাদেশ হজ মিশন সূত্রে জানা গেছে, অনেক বাংলাদেশি যাত্রী সরাসরি দেশে ফিরতে না পেরে ভারতের কলকাতা হয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা বা চট্টগ্রাম-এ ফিরছেন।







