
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি নির্ধারিত রয়েছে। চলতি বছরের তালিকা অনুসারে, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
সে অনুযায়ী, সরকারিভাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে।
এদিকে, ঈদের আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। মাঝের দিন ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। যদি এমন সিদ্ধান্ত হয়, তাহলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর।







