
কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যমান আইনি কাঠামো, সংরক্ষণ ব্যবস্থা এবং বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “Bio-Diversity Protection Regime: Legal Frameworks, Protection Mechanisms and Contemporary Challenges” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দার। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তিনি জীববৈচিত্র্যের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক ভিত্তি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬ এবং বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত এলাকা ঘোষণা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA), বিপন্ন প্রজাতির সুরক্ষা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মূল আলোচনায় আবাসস্থল ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য, বন উজাড়, আগ্রাসী বিদেশি প্রজাতির বিস্তার এবং পরিবেশ আইন বাস্তবায়নের সীমাবদ্ধতাসহ জীববৈচিত্র্য সংরক্ষণের সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই সংরক্ষণ কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলভিত্তিক পোস্টার প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পোস্টার উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতি ধরে রাখতে একসঙ্গে ফটোসেশনে অংশ নেন।









