সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Foreign Affairs Advisor Towhid Hossain
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন / ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, এ ধরনের পরিবেশ আর যেন সৃষ্টি না হয়—সে বিষয়ে ভারতকে দায়িত্ব নিতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশনটি কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এটি এমন কোনো জায়গা নয় যা কূটনৈতিক এলাকার বাইরের অংশে বা প্রবেশমুখে পড়ে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠে—মাত্র ২৫ জনের একটি চরমপন্থি সংগঠনের সদস্য কীভাবে এত গভীরে প্রবেশ করতে পারল? এর অর্থ হলো, তাদের সেখানে আসতে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা শুধু একজন হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদই করেনি, বরং আরও অনেক আপত্তিকর বক্তব্য দিয়েছে। আমার কাছে সরাসরি কোনো প্রমাণ নেই যে বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তবে আমরা শুনেছি—এমন হুমকি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন জুড়ে দেওয়ার কোনো অর্থ নেই। নিহত ব্যক্তি বাংলাদেশের নাগরিক ছিলেন এবং বাংলাদেশ সরকার এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশেই ঘটে—এমন নয়। এই অঞ্চলের অন্যান্য দেশেও এমন ঘটনা ঘটে থাকে।

বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে অবশ্যই তা করা হবে। তবে এখানে বিষয়টি শুধু স্লোগান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওই ভবনের ভেতরে একটি পরিবার বসবাস করে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তাই এ ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা ভারতের দায়িত্ব বলে আমি মনে করি।

আরও পড়ুন