রবিবার ২২ মার্চ, ২০২৬

বাংলাদেশের নির্বাচন ও গণভোট ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - US security alert for Bangladesh elections and referendum
বাংলাদেশের নির্বাচন ও গণভোট ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময়কে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড আরও ঘন ঘন ও তীব্র আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ কিংবা হঠাৎ সহিংস পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে মার্কিন নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ -এ নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন