সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Bangladeshi Embassy in New Delhi
নয়াদিল্লিতে থাকা বাংলাদেশি দূতাবাস/ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল ও পরিবর্তনশীল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় নয়াদিল্লি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হয়েছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ‘পরিবর্তনশীল ও জটিল’।

তিনি বলেন, এই পরিস্থিতি বোঝার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “কোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। সাম্প্রতিক সময়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।”

এতে আরও বলা হয়, ভারত সরকার বাংলাদেশের চলমান প্রতিটি ঘটনাপ্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না নয়াদিল্লি।

মূলত শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতের এই অবস্থান প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের বিক্ষোভকারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। তাদের অভিযোগ, ভারত সরকার দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের একাধিক সদস্যকে আশ্রয় দিয়ে আসছে।

বিশেষ করে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্রের অভিযোগ তুলে শাহবাগে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দেখা যায়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের পক্ষ থেকে রাজনৈতিক হস্তক্ষেপ না করার আশ্বাস এলো।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কৌশল হিসেবেই ভারত এমন সাবধানী ও সংযত অবস্থান গ্রহণ করেছে।

আরও পড়ুন