
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি আটকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও আরেক সহ-সভাপতি মোঃ মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিয়া বাবুল এবং মোঃ মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) তাদের নামে চাঁদাবাজির সত্যতা পাওয়া যায়।










