
বিরূপ আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও পাবলিক পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ তারা আন্তরিকভাবে উপলব্ধি করছে। তবে সারা দেশে ১২ লাখ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ এই পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি হবে। একই সঙ্গে ফলাফল প্রকাশ বিলম্বিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং দেশের সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডারও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানায়, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো একটি অঞ্চল বা একটি শিক্ষা বোর্ডের সমস্যার কারণে সারা দেশের সব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। কোথাও পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।








