বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬

বড় দায়িত্ব পেল বিরোধী দল, সরকারি হিসাব কমিটির নেতৃত্বে ডা. তাহের

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Syed Abdullah Mohammed Taher
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি সরকারি হিসাব কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চলতি সংসদে এই প্রথম কোনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হলো।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন-

মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

উল্লেখ্য, কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব কমিটির দায়িত্ব হলো সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ পর্যালোচনা করা এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তদারকি কার্যক্রম পরিচালনা করা।

আরও পড়ুন