রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - light pressure
বঙ্গোপসাগরে লঘুচাপ/প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিস্টেমটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে লঘুচাপের মূল প্রভাব পড়ছে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় এলাকায়।

আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন