বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফের বাড়তে পারে শীতের তীব্রতা—জানাল আবহাওয়া অধিদপ্তর

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

সারা দেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমলেও আবারও তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের তাপমাত্রা কখনো কমতে পারে, কখনো অপরিবর্তিত থাকতে পারে এবং কিছু সময় বাড়ার সম্ভাবনাও রয়েছে। ফলে আবহাওয়ার পরিস্থিতি ওঠানামার মধ্যেই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ও শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রোববার (১ ফেব্রুয়ারি) দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন ৩ ফেব্রুয়ারি রাত ও দিনের তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন