
ফেনীর ফুলগাজী উপজেলায় ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্মানি ভাতা দেওয়া হবে। আগামী ১৭ সেপ্টেম্বর এ ভাতা প্রদান করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সেলের অষ্টম সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
সভায় জানানো হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ হিন্দু ধর্মীয় উপাসনালয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানজনক মাসিক সম্মানি ভাতা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রথম বছরেই সারাদেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় প্রতিনিধিকে সরাসরি ভাতার আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সুবিধার আওতায় আনার সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
সভায় ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানি, মধ্যস্বত্বভোগী কিংবা অনিয়মের শিকার না হন এবং প্রতি মাসে তাদের প্রাপ্য সম্মানি সরাসরি নিজস্ব অ্যাকাউন্টে পান, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
এ জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদফতরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় আধুনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে সরকারি তহবিল থেকে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।
সভায় আরও জানানো হয়, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও ডেটাবেজে অন্তর্ভুক্তির কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী অক্টোবরের প্রথমার্ধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া সম্মানি একযোগে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম, অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










