সোমবার ৪ মে, ২০২৬

ফেনীতে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়া গরু ফেরতের আশায় অসহায় পরিবার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 3 cows detained in India after crossing border in Feni, helpless family hopes for return
ফেনীতে সীমান্ত পেরিয়ে ভারতে আটক ৩ গরু, ফেরতের আশায় অসহায় পরিবার

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এক অসহায় পরিবারের তিনটি গরু সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়ে আটক থাকার খবর পাওয়া গেছে। গরুগুলো বর্তমানে ভারতের রাজনগর থানায় রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, গত ২২ এপ্রিল সকাল ১১টার দিকে নূরের নেছা বেগমের (৫৫) প্রতিবন্ধী ছেলে নজরুল ইসলাম (৩১) বাড়ির পাশে আশ্রাফপুর বড় কবরস্থান সংলগ্ন এলাকায় গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এসময় সীমান্তের কিছু স্থানে ভারতের কাঁটাতারের বেড়া কাটা থাকায় দুটি গাভী ও একটি বাছুর সেখান দিয়ে ভারতে প্রবেশ করে।

গরুগুলো হারিয়ে নূরের নেছা ও তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যান। দীর্ঘ ৮-১০ দিন খোঁজাখুঁজির পর স্থানীয় সূত্রে জানতে পারেন, গরুগুলো ভারতের রাজনগর থানায় রয়েছে।

ভুক্তভোগী নূরের নেছা বলেন, “এই গরুগুলোই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এগুলো ছাড়া আমাদের চলার আর কোনো উপায় নেই। যেভাবেই হোক আমি আমার গরুগুলো ফেরত চাই।”

স্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি বিজিবির সুবাজার ক্যাম্পকে জানানো হয়েছে। জানা গেছে, আটক তিনটি গরুর মধ্যে দুটি গর্ভবতী গাভী রয়েছে।

এদিকে, ভারতের বিলোনিয়ার এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে রাজনগর থানায় গরুগুলো থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে স্বামী আবু তাহেরকে হারানোর পর থেকে নূরের নেছা গরু পালন করেই সংসার চালিয়ে আসছেন। তার পরিবারের বেশিরভাগ সদস্যই প্রতিবন্ধী হওয়ায় এই গরুগুলোই ছিল তাদের একমাত্র জীবিকা।

এ ঘটনায় পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১০৬) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান জানান, গরুগুলো ফেরত আনতে বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

আরও পড়ুন