
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন এবং যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জানা গেছে, আব্দুর রহমান সানি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার ছোট ভাই। এছাড়া তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবের কন্যাকে বিয়ে করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।







