
আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রথম ধাপে ২২ হাজার ৬৫ জন কৃষক এই কার্ড পাবেন।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। পহেলা বৈশাখে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একযোগে দেশের ১১টি উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে দেশের ৮ বিভাগের ১০ জেলার ১১টি উপজেলায় কার্যক্রম চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা বছরে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এছাড়া, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা আরও ১০ ধরনের সেবা পাবেন। তিনি জোর দিয়ে বলেন, এই কার্ডে কোনো ধরনের রাজনৈতিকীকরণ করা হবে না এবং দেশের সব শ্রেণির কৃষককে এর আওতায় আনা হবে।
প্রাথমিক পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষককে এই সুবিধা দেওয়া হবে। এতে কৃষকের পাশাপাশি মৎস্যচাষি, আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন। ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড়—সব শ্রেণির কৃষকই এই কর্মসূচির অন্তর্ভুক্ত।
মন্ত্রী আরও জানান, জ্বালানির সংকট থাকলেও সারা দেশে কৃষি সেচে কোনো সমস্যা হবে না। কৃষকদের পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনোভাবেই যেন জ্বালানির অভাবে সেচ কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
কৃষক কার্ডে প্রদত্ত ১০টি মূল সেবা
১. ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি
২. ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি
৩. সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি
৪. স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি
৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি
৬. মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি
৭. কৃষিবিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি
৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ প্রাপ্তি
৯. কৃষি বীমা সুবিধা প্রাপ্তি
১০. ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা
যেসব উপজেলায় প্রথম দফায় কৃষক কার্ড দেওয়া হবে
প্রাক-পাইলট পর্যায়ে নিম্নোক্ত উপজেলার নির্দিষ্ট ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে—
পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর ব্লক, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণাপুর ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ব্লক, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির ব্লক, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক।








