সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রথম আলো ও ডেইলি স্টার দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Chief Advisor in a phone conversation with the editors of Prothom Alo and Daily Star
প্রথম আলো ও ডেইলি স্টার দুই সম্পাদকের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সংবাদমাধ্যম দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

টেলিফোন আলাপে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনামের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,
‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাতের শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

টেলিফোন আলাপের সময় সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিগগিরই প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন