
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং তেজতুরি পাড়ায় অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝানোর চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
রাত সোয়া ১টা ৩০ মিনিটে প্রতিবেদন লেখার সময় পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্ক্খলা-বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।









