
টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙ্গামাটিতে চলমান ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রশাসনের সব ধরনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা জারি করা হবে।









