
সরকারের পাঁচজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নামের বানান সংশোধন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (৮ মার্চ) নাম সংশোধন করে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। একই দিনে দলটি ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে। পরে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সর্বশেষ প্রজ্ঞাপনে কয়েকজন মন্ত্রীর নামের বানান সংশোধন করা হয়েছে। সংশোধন অনুযায়ী—
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’ এর নাম পরিবর্তন করে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ‘আব্দুল আউয়াল মিন্টু’ এর নাম করা হয়েছে ‘আবদুল আউয়াল মিন্টু’।
ধর্মমন্ত্রী ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’ এর নাম সংশোধন করে ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ‘মোহাম্মদ আমিন উর রশীদ’ এর নাম সংশোধন করে ‘মোহাম্মদ আমিন উর রশিদ’ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’ এর নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’ এর নাম সংশোধন করে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ করা হয়েছে।
অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ তার নামের বানান সংশোধন করে ‘হাফিজ উদ্দিন আহমদ’ করার আবেদন করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদন ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব সংশোধনের মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের নাম সরকারি নথিতে নতুন বানান অনুযায়ী উল্লেখ করা হবে।







