
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক কলেজশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার ক্রাইম শাখা।
গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মো. নাজমুল হুদা উপজেলার বড়ধুশিয়া (পদুয়ারপাড়) গ্রামের বাসিন্দা।
তিনি শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত। সিআইডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন তদন্তের পর তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত রবিবার (১৯ এপ্রিল) কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- ২১ দিদারুল আলমের আদালতে হাজির করা হলে আসামি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রমনা থানায় করা একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২১ সাল থেকে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি–সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।









