বুধবার ২৫ মার্চ, ২০২৬

পন্টুনের নিচে থাকায় বাসে ঢুকতে পারছেন না ডুবুরিরা, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Divers cannot enter the bus because it is under the pontoon, and the doors and windows cannot be broken.
পন্টুনের নিচে থাকায় বাসে ঢুকতে পারছেন না ডুবুরিরা, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা/ছবি: সংগৃহীত

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস পন্টুনের নিচে আটকা পড়েছে। এতে বাসটির দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারছেন না ডুবুরি দলের সদস্যরা।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।

ডুবুরি দলের সদস্যরা জানান, বাসটি পন্টুনের নিচে অবস্থান করায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। এ কারণে বাসটির দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তবে তারা উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

দুর্ঘটনার কিছু সময় পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়া পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে আসছে এবং ঢাকা সদর দফতর থেকেও অতিরিক্ত টিম পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার অন্তত এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসে আটকে পড়া যাত্রীদের স্বজনরা।

সৌহার্দ্য পরিবহনের ওই বাসে থাকা যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসটিতে উঠেছিলেন। দুর্ঘটনার পর তিনি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। উদ্ধার অভিযানে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে।

আরও পড়ুন