মঙ্গলবার ১২ মে, ২০২৬

নিহত কাস্টম কর্মকর্তার স্ত্রী উর্মী হীরার চাকরিতে যোগদানের দাবিটি ভুয়া

নিহত কাস্টম কর্মকর্তার স্ত্রী উর্মী হীরার চাকরিতে যোগদানের দাবিটি ভুয়া
নিহত কাস্টম কর্মকর্তার স্ত্রী উর্মী হীরার চাকরিতে যোগদানের দাবিটি ভুয়া

“আলহামদুলিল্লাহ অফিসিয়ালি ভাবে নিহত কাস্টম কর্মকর্তার স্ত্রী উর্মী হীরা তিনি কাজে যোগদান করেছেন” শিরোনামে একটি পোস্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল পোস্টটি যাচাই করতে প্রথমে এমপি মনিরুল হক চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজ পর্যালোচনা করা হয়। তবে উর্মী হীরার চাকরিতে যোগদান সংক্রান্ত কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি। বরং জানা যায়, শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৬টায় এমপি মনিরুল হক চৌধুরী নগরীর পানপট্রি এলাকায় নিহত কর্মকর্তার ভাড়া ফ্ল্যাটে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলায় প্রকাশিত “বুলেট বৈরাগীর পরিবারের পাশে এমপি মনিরুল হক চৌধুরী” শিরোনামের সংবাদ পর্যালোচনা করে দেখা যায়, এমপি সাংবাদিকদের বলেন, “আজকে আমি বুলেট বৈরাগীর বাসায় দেখা করেছি। তার স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী মানবিক মানুষ, আশা করি সাড়া দেবেন। ইতোমধ্যে সরকার থেকে নির্দেশ এসেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন যেন তার স্ত্রীকে প্রদান করা হয়।”

স্থানীয় পত্রিকা কুমিল্লার কাগজে প্রকাশিত সংবাদেও এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “আজকে আমার মাধ্যমে বুলেট বৈরাগীর স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন যেনো বুলেট বৈরাগীর চাকুরীটা তার স্ত্রী পান এবং তার স্ত্রী যেনো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন-ভাতা পায় এই বিষয়টি আগামীকাল শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”

অর্থাৎ এমপি মনিরুল হক চৌধুরী কেবল চাকরি দেওয়ার আশ্বাস এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, চাকরি দেওয়া হয়েছে বা কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য মিডিয়া উর্মী হীরার চাকরিতে যোগদানের কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

উল্লেখযোগ্যভাবে, সামাজিকভাবে আলোচিত ও সহানুভূতিশীল ঘটনাকে কেন্দ্র করে অসম্পূর্ণ বা আংশিক তথ্যকে পূর্ণ সত্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আশ্বাসকে বাস্তবতা হিসেবে প্রচার করা এবং মানুষের সহানুভূতিকে পুঁজি করে ভুয়া খবর ছড়ানো একটি পরিকল্পিত অপকৌশল।

রাইজিং ফ্যাক্টসের সিদ্ধান্ত
সুতরাং, “নিহত কাস্টম কর্মকর্তার স্ত্রী উর্মী হীরা অফিসিয়ালি কাজে যোগদান করেছেন” শিরোনামে প্রচারিত পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এমপি মনিরুল হক চৌধুরী কেবল চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন, চাকরিতে যোগদানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এবং কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। তাই, রাইজিং ফ্যাক্টস এই পোস্টটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।
আরও পড়ুন