বুধবার ১৯ আগস্ট, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে মহানগর এক্সপ্রেসে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর

১ সেপ্টেম্বর থেকে মহানগর এক্সপ্রেসে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর
১ সেপ্টেম্বর থেকে মহানগর এক্সপ্রেসে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর

“আগামী ১ সেপ্টেম্বর হতে মহানগর এক্সপ্রেস দিয়ে কক্সবাজার যেতে পারবে কুমিল্লার যাত্রীরা” দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পোস্ট দেখা যাচ্ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, দাবিটি বিভ্রান্তিকর।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ভাইরাল পোস্টটি যাচাই করতে প্রথমে রেলওয়ে কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতি ও ঘোষণা খোঁজা হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ১ সেপ্টেম্বর থেকে মহানগর এক্সপ্রেস কক্সবাজার রুটে চালু হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা পাওয়া যায়নি।

তবে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, দৈনিক আগামীর সময়ে গত ১ আগস্ট ২০২৬ প্রকাশিত “কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন: হাবিবুর রশিদ” শিরোনামের সংবাদে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন এবং কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সম্ভাব্যতা যাচাই চলছে বলে উল্লেখ করেছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে রেলপথের বিভিন্ন স্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

ঢাকা পোস্টে প্রকাশিত “পর্যটকদের চাপ সামলাতে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস” শিরোনামের সংবাদে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বাড়ানো হবে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২০ দিনের মধ্যেই এটি চালু হতে পারে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, চলতি মাসেই নতুন এ সেবা চালুর আশা করছে রেলওয়ে।

অর্থাৎ মহানগর এক্সপ্রেস কক্সবাজার রুটে চালুর পরিকল্পনা থাকলেও ঠিক কবে থেকে চালু হবে সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

উল্লেখযোগ্যভাবে, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২) ট্রেনটি আগে থেকেই কুমিল্লায় থামে। তাই কক্সবাজার রুট চালু হলে কুমিল্লার যাত্রীরাও এই ট্রেনে কক্সবাজার যেতে পারবেন তবে ঠিক কবে থেকে তা চালু হবে সেই নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সুতরাং, “আগামী ১ সেপ্টেম্বর হতে মহানগর এক্সপ্রেস দিয়ে কক্সবাজার যেতে পারবে কুমিল্লার যাত্রীরা” দাবিতে প্রচারিত পোস্টটি বিভ্রান্তিকর। মহানগর এক্সপ্রেস কক্সবাজার রুটে চালুর পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট তারিখ হিসেবে ১ সেপ্টেম্বরের কথা রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

রাইজিং ফ্যাক্টসের সিদ্ধান্ত
তাই, রাইজিং ফ্যাক্টস এই পোস্টটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে এবং জনগণকে রেলওয়ের অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন