বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজ দপ্তরে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Prime Minister Tarique Rahman starts work in his own office
নিজ দপ্তরে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এরপরই তিনি রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এর আগে সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তিনি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িবহর সচিবালয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পর সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন সরকারপ্রধান।

চিরাচরিত নিয়মে প্রধানমন্ত্রীর গাড়িতে শোভা পায় লাল-সবুজের জাতীয় পতাকা। একই সময়ে সচিবালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা জানান, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন সরকার।

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয় ছিল সাজসজ্জায় সুশোভিত। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। করিডোরজুড়ে রাখা হয় সতেজ ফুলের টব। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন