
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আতিকুর রহমান রিয়াদ শশীদল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর উদ্যোগ স্থানীয়দের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং উত্তরাধিকার সনদসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি—ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার উপকারভোগী তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও চেয়ারম্যানের অন্যতম অগ্রাধিকার বলে জানা গেছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। যেকোনো প্রয়োজনেই তাঁকে সহজে পাওয়া যায় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে।
এ বিষয়ে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, “জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে তা পালন করার চেষ্টা করছি। আমার লক্ষ্য শশীদল ইউনিয়নকে একটি আধুনিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিময় ইউনিয়নে পরিণত করা। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।”










