রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেলের মূল বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, নতুন কাঠামো কার্যকর হলে সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানের মতোই ২০টি বেতন ধাপ বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

মূল বেতনের পাশাপাশি বর্তমানে প্রচলিত বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ফলে ঢাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪২ হাজার টাকা।

জানা যায়, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হচ্ছে। এত দিন ১১তম থেকে ২০তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল। এ যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন ১০ম ধাপ থেকে ২০তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করছে।

কর্মরত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে ২০ হাজার টাকার কম পান, এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০ শতাংশের মতো। যাঁরা মাসে ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন পান, তাঁদের বাড়ছে ৭৫ শতাংশ। আর যাঁরা মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাঁদের বাড়ছে ৫৫ শতাংশ।

পে কমিশনের প্রধান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজ প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেব। এতটুকু বলতে পারি, খুব ভালো কিছু হচ্ছে। খুব ভালো প্রস্তাব আমরা দিচ্ছি ‘

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো করতে গত ২৪ জুলাই পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কয়েক দফা সময় বাড়ানোর পর আজ বুধবার প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পে কমিশন, যদিও বর্তমান সরকার এ কাজ শেষ করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। এই কাঠামোর আওতায় দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পান।

বর্তমান কাঠামো অনুযায়ী—

  • ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন: ৮ হাজার ২৫০ টাকা

  • বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নবম গ্রেডে যোগ দিলে মূল বেতন: ২২ হাজার টাকা

  • একজন সচিব পান: ৭৮ হাজার টাকা

  • জ্যেষ্ঠ সচিব পান: ৮২ হাজার টাকা

  • মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পান: ৮৬ হাজার টাকা মূল বেতন

মূল বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত একটি ভাতা দেওয়া হয়।

আরও পড়ুন