
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত এই সৃজনশীল উদ্যোগে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
আগ্রহীদের আগামী ২৮ জুলাই-এর মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা বিষয়ক হতে হবে। থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসকট ও স্লোগানও ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
মাউশি জানিয়েছে, প্রতিটি আবেদনের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস কিংবা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।










