শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - AMM Nasir Uddin
সিইসি এ এম এম নাসির উদ্দিন/ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্র থেকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ভোটারদের আশ্বস্ত করে সিইসি বলেন, ‘কোনোরকম কারসাজি নয়, জনগণের রায়ই প্রতিফলিত হবে চূড়ান্ত ফলাফলে।’ তিনি জোর দিয়ে জানান, নির্বাচন কমিশন কোনো ধরনের অনিয়ম বা অস্পষ্টতার সুযোগ দেবে না।

সিইসি আরও বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে এটি একটি ‘বেঞ্চমার্ক’ বা আদর্শ নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, প্রায় ১৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে কাজ করেছেন। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনসহ এত বড় একটি কার্যক্রম পরিচালনা করা ছিল বড় চ্যালেঞ্জ।

ফলাফল প্রসঙ্গে সিইসি স্পষ্ট করে বলেন, রিটার্নিং কর্মকর্তার সই করা অফিশিয়াল ফলাফল ছাড়া অন্য কোনো অসমর্থিত ফল কমিশন গ্রহণ করবে না। তিনি বলেন, ‘আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না।’

ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এবার সাধারণ ভোটের সঙ্গে গণভোট ও পোস্টাল ব্যালট যুক্ত থাকায় গণনা প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হচ্ছে। তবে এটিকে অনিয়মের সুযোগ হিসেবে না দেখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সিইসি আরও বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের ভোট যেকোনো মানদণ্ডেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয়, প্রার্থীরা এবং সাধারণ জনগণ এই ফলাফলকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেন।

আরও পড়ুন