
বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান আবারও নিচের দিকেই রয়ে গেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্ট পঞ্চম দুর্বল অবস্থানে রয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের এই র্যাংকিং নির্ধারণ করা হয়েছে।
ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তালিকাভুক্ত ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ এবারের সূচকে কিছুটা উন্নতি হলেও বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখনো দুর্বলই রয়ে গেছে।
পাসপোর্ট র্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান।
দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন ১৮৮টি দেশে।
তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।
পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশের নাগরিকরা ১৮৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে সক্ষম।
পাসপোর্ট র্যাংকিংয়ের একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (যৌথভাবে ৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে মাত্র ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ। দেশটির অবস্থান ৫২তম, এবং মালদ্বীপের নাগরিকরা ৯২টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
উল্লেখ্য, হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নিয়ে এই র্যাংকিং প্রণয়ন করা হয়েছে।








