
চলতি ফেব্রুয়ারি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির সূচনা হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির মাধ্যমে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ১২ ফেব্রুয়ারিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারিতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দু’দিন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি, যথাক্রমে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
টানা ছুটির শেষ দিন ১৫ ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন টানা বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের বিষয়েও আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এর পরদিন ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিবসেও সাধারণ ছুটি কার্যকর থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।










