
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা, পরিবহন, বাজার ব্যবস্থাপনা ও সরকারি ব্যয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে স্কুল-কলেজে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে আগামী রোববার নতুন নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।
শিক্ষা:
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি সংকটের কারণে শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সময় কমিয়ে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চল ও প্রতিষ্ঠানের চাহিদা পর্যালোচনা করে রোববার থেকে ধাপে ধাপে নতুন নির্দেশনা জারি করবে।
ইলেকট্রিক বাসে জোর, কমবে ব্যক্তিগত গাড়ি
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে, তারা বিশেষ সুবিধা পাবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো পুরনো বাস আমদানি করা যাবে না।
সন্ধ্যা ৬টার পর বন্ধ দোকানপাট
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্য বিতান সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।
সরকারি ব্যয়ে ৩০% কাটছাঁট
সরকার আগামী তিন মাসের জন্য জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেট ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে।
এছাড়া—
- নতুন কোনো সড়ক, নৌ বা আকাশযান কেনা যাবে না
- কম্পিউটার ও অন্যান্য সামগ্রী ক্রয় স্থগিত
- অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ
- সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ বন্ধ
সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় কমানো
সরকারি সভা-সেমিনারে আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিয়ে-উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ
জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে বা যেকোনো উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশ দিয়েছে সরকার।
জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণে সরকারের এসব পদক্ষেপ সামগ্রিক অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে শিক্ষা খাতে রোববারের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর রয়েছে।









