
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে তিনি এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে তিনি গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলের আবেদনও জানান।
জনস্বার্থে দায়ের করা ওই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। দেশব্যাপী অনুষ্ঠিত এই গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।






