
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সিইসি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন। এসময় তিনি দেশের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতিও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রথা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ একাই সাক্ষাতে এসেছেন সিইসি, তার সচিবকেও সঙ্গে নিয়ে আসেননি।
অপরদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের সহযোগিতার আহ্বান জানানো হবে।
রেওয়াজ অনুযায়ী, নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন। এর আগে, আজ সকালে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক সার্বিক আলোচনা করেছেন প্রধান বিচারপতির সাথে।









