
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেসসচিব জানান, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত মোটা চালের দাম খুচরা বাজারে বেড়েছে—এমন সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।
রাজধানীতে বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ
এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন, বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত প্রেসসচিব বলেন, এ নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে।
উপকূল ও সাগর এলাকায় টহল জোরদারের নির্দেশ
উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেসসচিব।







