রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল নারীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Woman killed in head-on collision between truck and CNG in Chandpur
চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল নারীর/ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহীনুর বেগম তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জের বাকিলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে দেবপুর এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মাহীনুরের ছোট ভাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের তপাদার বাড়ির মৃত পনু মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮)। অপর আহত নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত মাহীনুর বেগমের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন