
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তাকে নিয়ে করা একটি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে বলতে গিয়ে তথ্য প্রকাশে সততা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরে জেলাভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ বিষয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
প্রশ্ন উত্থাপন করে আসিফ বলেন, প্রথম আলো যেটিকে “বিশেষ প্রকল্প” বলছে, তা আসলে চলমান জেলাভিত্তিক প্রকল্পের অংশ। বর্তমানে দেশের ২০ জেলায় এ ধরনের প্রকল্প রয়েছে। গত এক বছরে মানিকগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী ও সাতক্ষীরায় নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ হয়েছে। ফলে প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ২৪ জেলায়।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নীতিমালা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব ৬৪ জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই শুধু দুটি প্রকল্পকে আলাদা করে ‘বিশেষভাবে’ উপস্থাপন করাটা বিভ্রান্তিকর।
উপদেষ্টা আরও জানান, এলজিইডি সাধারণত উপজেলা সড়কের কাঁচা ও পাকা সড়কের পরিমাণের ভিত্তিতে প্রকল্প হাতে নেয়। কিন্তু কেবল একটি দিক তুলে ধরে সংবাদ পরিবেশন করাকে তিনি বস্তুনিষ্ঠ মনে করেন না।
তিনি পোস্টে আরও উল্লেখ করেন, অনেক জেলা ইতিমধ্যে একসাথে ২–৩টি করে প্রকল্প কিংবা বিভাগীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসেছে। ইনডিভিজুয়াল জেলাভিত্তিক প্রকল্পের অংশ হিসেবেই গত এক বছরে নতুন চারটি জেলা যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোও যুক্ত হবে।








