মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনের মায়ের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Amin Ur Rashid Yasin – Ruhul Kabir Rizvi
ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপির মা আমেনা বেগম আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এদিকে আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ দেওয়া এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, আমেনা বেগমের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মতো তিনিও গভীরভাবে সমব্যথী। তিনি বলেন, মরহুমা আমেনা বেগম পরহেজগার ও পরোপকারী নারী হিসেবে প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। নীতিবান এই নারী তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।

শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন—এ দোয়া করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এদিকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনা বেগমের জানাজা আগামীকাল বুধবার ৯ সেপ্টেম্বর, দুপুর ২টা ০০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন