
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কসবা, মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) পৃথক টহল দল অংশ নেয়।
এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, সেগুন কাঠ, আকাশি কাঠ, শাড়ি, গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










