রবিবার ৩ মে, ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - New partial committee of Comilla South District Chhatra Dal
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই ধারাবাহিকতায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাজী জোবায়ের আলম জিলানী।

এছাড়া সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সহসভাপতি এমদাদুল হক ধীমান, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন রকি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে সেই কমিটি প্রকাশের পর পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ৪ জুন রাতে কমিটি স্থগিত করা হয়।

নতুন কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটকে শক্তিশালী করতে আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ করবো। ছাত্রদলকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করার যে পরিবেশ তৈরি হয়েছিল, তা থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবো।”

আরও পড়ুন