শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬

‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ সহ সংসদে আরও ৯টি বিল পাস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - 9 more bills passed in Parliament, including -Comilla Development Authority Bill 2026
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ (শুক্রবার) ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ সহ সংসদে আরও ৯টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো পাস হয়।

অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

সকালের অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেগুলোও গৃহীত হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।

আরও পড়ুন