
শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতের কম্বল সরাসরি বিতরণ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, শীতপ্রবণ এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের শীতজনিত দুর্ভোগ লাঘব করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। দায়িত্ব পালনরত সেনাসদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
কর্মসূচির আওতায় নিম্নলিখিত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়:
দাউদকান্দি আর্মি ক্যাম্প: চরগোপাল
চাঁদপুর সদর আর্মি ক্যাম্প: মাস্টারপাড়া এতিমখানা
কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্প: দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প
চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্প: শুভপুর ইউনিয়ন
কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্প: চালিভাঙ্গা ইউনিয়ন
দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্প: দায়িত্বপূর্ণ এলাকা
এছাড়া নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী, এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে এবং এতে শীতজনিত কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, দেশের যে কোনো দুর্যোগ বা মানবিক প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশের সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।








