শনিবার ২১ মার্চ, ২০২৬

কুমিল্লাসহ দেশের ৪ বিভাগ ও ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Cold wave
কুমিল্লাসহ দেশের ৪ বিভাগ ও ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ/ছবি: রাইজিং কুমিল্লা

দেশের চার বিভাগসহ ১২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

শৈত্যপ্রবাহের আওতায় থাকা জেলাগুলো হলো— কুমিল্লা, লক্ষ্মীপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, টাঙ্গাইল ও ফরিদপুর। পাশাপাশি রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগজুড়েও এই শীতের প্রভাব অনুভূত হচ্ছে।

আজ বুধবার (০৭ জানুয়ারি)সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। একই সময়ে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৩ মিনিটে।

আরও পড়ুন