
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৯৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ জুলাই) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্ট চলাকালে হাসান মেডিকেল, ফিরোজ মেডিকেল এবং ওসমান মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও, আনোয়ারা মেডিকেল হলকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও ওভার দ্য কাউন্টার ঔষধ মজুত এবং বিক্রির দায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ইসলামী মেডিকেল হলকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী পরিচালিত এই অভিযানে মোট ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, কুমিল্লার সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং লালমাই থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।










