সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা চেয়ারম্যানের

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

RisingCumilla - Chairman declares zero tolerance against drug-related teen gangs in Brahmanpara, Cumilla.
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা চেয়ারম্যানের

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে মাদক, কিশোর গ্যাং, চুরি, মোবাইল জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ বন্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।

এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শিদলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। অন্যদিকে কিশোর গ্যাং এখন সন্তানদের ভবিষ্যৎ ও এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “এদের পেছনে যাদেরই আস্কারা বা আশ্রয়-প্রশ্রয় থাকুক না কেন, কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার একমাত্র পরিচয় সে অপরাধী।”

তিনি আরও বলেন, শিদলাই ইউনিয়নে কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রুতই এসব অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সামাজিক অবক্ষয় রোধে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকে নজর রাখুন। সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারকেই প্রথম ভূমিকা নিতে হবে।”

সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের পাশাপাশি চুরি, মোবাইল জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা শিদলাই ইউনিয়নকে মাদক ও অপরাধমুক্ত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন