
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী রোববার (২৮ জুন) দিনব্যাপী জেলার ১৭টি উপজেলা এবং কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে জেলার ৫ হাজার ৩৯টি কেন্দ্রে মোট ১০ লাখ ৮ হাজার ৯৭ শিশুকে বয়স অনুযায়ী নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার ৭৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমদ।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, অপুষ্টিজনিত সমস্যা কমাতে এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজবে অভিভাবকদের কান না দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ ও কার্যকর এবং এটি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. ওসমান হোসাইন জাবীর এবং সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন।










