
কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। কুমিল্লা টাউন হল ময়দানে আয়োজিত এ মেলা প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. রেজা হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মেলার প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজা হাসান।
এবারের বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










