
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) আসাদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আসাদপুর গ্রামের মো. ইব্রাহিম (২৪) ও মো. শহিদুল্লাহ (৩৩)। তাদের দুজনেরই আসাদপুরে দোকান রয়েছে।
হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির গুজবের জেরে আসাদপুর গ্রামে চারটি পৃথক মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাজারগুলো হলো: আলেক শাহের বাড়িতে অবস্থিত তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার, আবদু শাহের মাজার, কালাই (কানু) শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার।
এই ঘটনায় হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উপজেলার মাজারগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।










