বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bakery fined Tk 40,000 in consumer rights campaign in Comilla
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা/ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর (হালিমানগর) এলাকায় অভিযান চালিয়ে একটি বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করার অভিযোগে মিয়ামী বেকারিকে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়,  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া রাইজিং কুমিল্লাকে জানান, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাতকরণসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন