শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬

কুবি উপাচার্য-রেজিস্ট্রারের পদত্যাগ, নতুন রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার

মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি

Rising Cumilla - Professor Dr. AFM Abdul Moin
ছবি: প্রতিনিধি | গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী পদত্যাগ করেছেন। একই সাথে নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মজিবুর রহমান মজুমদার।

রোববার (১১ আগস্ট) সকালে তারা পদত্যাগ করেছেন বলে রেজিস্ট্রার দপ্তরসূত্রে জানা গেছে ।

এর আগে গতকাল রাতে কুবি উপাচার্য ও প্রক্টরিয়াল বডিকে রবিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন পদত্যাগপত্রে বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে অদ্য অপরাহ্ণে পদত্যাগ করিতে আপনার নিকট পদত্যাগপত্র পেশ করিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি। পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবেন।’

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।

এদিকে নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. মুজিবুর রহমান মজুমদার।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ১০ এর (৩) ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ভাইস-চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে 1[প্রো-ভাইস-চ্যান্সেলর], ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন৷

আরও পড়ুন